মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে আগে একটি মহাপরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার আলোকে প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে।
মন্ত্রী বলেন, বর্তমান সচিবালয়ে পার্কিং ও জায়গার সংকট রয়েছে। অনেক মন্ত্রণালয়ের দপ্তর মূল ভবনের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে থাকায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে। এ ছাড়া সচিবালয়ের অধিকাংশ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত হওয়ায় সেগুলো পুরোনো হয়ে গেছে। ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে।
সব দিক বিবেচনায় নিয়ে বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানান জাকারিয়া তাহের। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ ও স্থানান্তরের কাজ এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।


