মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন আইভী। শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ আবেদনটি মঞ্জুর করেন। এ সময় তিনি ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ বলেও মন্তব্য করেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, এদিন তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানির পাশাপাশি সাবেক মেয়রের পুনর্জামিনের আবেদন উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় তুহিন হত্যা মামলাটি দায়ের করা হয়। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে। আইভী এ মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান। এজাহারে নাম উল্লেখ করে মোট ৯৯ জন এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।



