প্রতিমন্ত্রী বলেন, ব্ল্যাক কার্বনসহ অন্যান্য দূষণ কমাতে গবেষণালব্ধ তথ্যকে নীতিনির্ধারণ ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত করতে হবে। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদার করা প্রয়োজন। তিনি আরও বলেন, বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত অংশগ্রহণ অত্যাবশ্যক।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং ক্লিন এয়ার ফান্ডের সহায়তায় এ সংলাপের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আবদুল আউয়াল এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। সংলাপে ব্ল্যাক কার্বন নিঃসরণ হ্রাসের মাধ্যমে বায়ুর মান উন্নয়ন এবং জলবায়ু সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের ওপর জোর দেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।


