স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যাতায়াত ও বাণিজ্য সহজ করার পাশাপাশি সীমান্ত অতিক্রমকারী ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার, কাগজবিহীন প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবাগুলোর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি বর্তমান সরকারের অগ্রাধিকার। সীমান্ত ব্যবস্থাপনাকে শুধু প্রযুক্তিনির্ভর না করে মানবিক অধিকারের প্রতি সংবেদনশীল করার ওপর জোর দিয়ে তিনি মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধে আন্তমন্ত্রণালয় সমন্বয়ের আহ্বান জানান।
অনুষ্ঠানে আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা টম বন্ডে অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এতে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, কানাডার হাইকমিশনার অজিত সিং এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।


