শনিবার (৭ নভেম্বর) দুপুরে চাঁদপুর আল-আমিন একাডেমির ছাত্রী ক্যাম্পাসে জেলা আমিরের শপথ গ্রহণ ও জেলা মজলিশে শুরার সদস্য নির্বাচন উপলক্ষে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ টি এম মাসুম বলেন, বর্তমান সরকারের সাত মাসের কর্মকাণ্ডে জনগণের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। তার দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, কিন্তু সরকার সেই সনদ বাস্তবায়নের শপথ নেয়নি।
তিনি আরও বলেন, বর্তমান সংবিধানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে; এ সংবিধান বহাল রেখে বর্তমান সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। সরকার চাঁদাবাজিকে কার্যত বৈধতা দিচ্ছে—আগের সরকারের সময়ের তুলনায় দ্বিগুণ-তিন গুণ চাঁদা আদায়ের অভিযোগ উঠছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে; এই শাসনামলে দেশে খুন, রাহাজানি ও অস্থিরতা বেড়েছে বলেও দাবি করেন তিনি।
বিচার বিভাগকে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচন কমিশনও দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। তার মতে, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এরই মধ্যে চার শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।



