সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী নিজের বিয়ের খবর প্রকাশ করলেও স্বামীর পরিচয় প্রকাশ করেননি। বিয়ের ছবি প্রকাশের সময় স্বামীর মুখ ফুল দিয়ে ঢেকে রাখেন তিনি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা রহস্য। নেটিজেনদের একাংশের দাবি, পারশার স্বামী নির্বাসিত ব্লগার ও অধিকারকর্মী আসাদ নূর। যদিও এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
গত ২৭ অক্টোবর বিয়ের খবর প্রকাশ করেন পারশা। তিনি জানান, এর আগের দিন ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আকদ সম্পন্ন হয়েছে। স্বামীর পরিচয় জানতে চেয়ে তাকে কিংবা তার পরিবারকে বিব্রত না করার অনুরোধও জানান এই সংগীতশিল্পী।
গত ৭ নভেম্বর স্বামীর সঙ্গে আরও একটি ছবি প্রকাশ করেন পারশা; সেখানেও স্বামীর মুখ পদ্মফুল দিয়ে ঢেকে রাখেন তিনি। ছবির ক্যাপশনে পুরুষের পর্দা ও স্ত্রীর সম্মান নিয়ে মন্তব্য করেন। এরপরই আসাদ নূরের সঙ্গে পারশার বিয়ের গুঞ্জন নতুন করে আলোচনায় আসে।
নেটিজেনদের দাবি, গত ২১ অক্টোবর আসাদ নূরের ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছবিতে লাল শাড়ির আঁচল দেখা যায়; পারশার প্রকাশ করা ছবির শাড়ির আঁচলের সঙ্গে এর মিল রয়েছে বলে দাবি করছেন অনেকে। দুই ছবিতে পুরুষের পাঞ্জাবির মধ্যেও সাদৃশ্য খুঁজে পেয়েছেন তারা। এ ছাড়া দুজনের ইনস্টাগ্রামে পরস্পরকে অনুসরণ এবং বিভিন্ন ছবির পটভূমির মিল নিয়েও আলোচনা চলছে।
তবে এসব পর্যবেক্ষণ ও মিলের ভিত্তিতে বৈবাহিক সম্পর্ক নিশ্চিত হওয়ার সুযোগ নেই। পারশা কিংবা আসাদ নূর—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। ফলে আসাদ নূরই পারশার স্বামী কি না, তা এখনো নিশ্চিত নয়।




