বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অক্টোবর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বছরের অক্টোবরে দেশে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি এখনো কিছুটা বেশি রয়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। ফলে খাবারের বাইরে অন্যান্য পণ্য ও সেবার ব্যয় বেড়েছে।
গ্রাম ও শহর দুই জায়গাতেই খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ (সেপ্টেম্বরে ৮ দশমিক ৩৮ শতাংশ); গ্রামে খাদ্যে ৬ দশমিক ৩৭ শতাংশ (আগে ৭ দশমিক ১৮) এবং খাদ্যবহির্ভূতে বেড়ে ১০ দশমিক ২১ শতাংশ (আগে ৯ দশমিক ৫৭)। শহরাঞ্চলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ (সেপ্টেম্বরে ৮ দশমিক ২৬); শহরে খাদ্যে ৬ দশমিক ৪২ শতাংশ (আগে ৭ দশমিক ২৫) এবং খাদ্যবহির্ভূতে বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশ (আগে ৮ দশমিক ৯৪)।
এদিকে দীর্ঘ সময়ের গড় হিসাবেও মূল্যস্ফীতি কমেছে। বিবিএসের হিসাবে, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশে। আগের ১২ মাসে এ হার ছিল ৯ দশমিক ২২ শতাংশ।
তবে মূল্যস্ফীতির তুলনায় মানুষের আয় বাড়ছে কম হারে। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০১ শতাংশ। অর্থাৎ মজুরি বাড়ার গতিও কমেছে। কৃষি, শিল্প ও সেবা তিন খাতেই মজুরি বৃদ্ধির হার কমেছে—কৃষিতে ৭ দশমিক ৫৫ শতাংশ (সেপ্টেম্বরে ৭ দশমিক ৮৯), শিল্পে ৭ দশমিক ৬২ শতাংশ (আগে ৭ দশমিক ৮৬) এবং সেবায় ৭ দশমিক ৯৬ শতাংশ (আগে ৮ দশমিক ০৭)।
অর্থাৎ অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ, আর মজুরি বেড়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। ফলে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে শূন্য দশমিক ৬৪ শতাংশীয় পয়েন্ট কম। এতে পণ্য ও সেবার দাম যে হারে বাড়ছে, সে তুলনায় মানুষের আয় বাড়ছে না; ফলে বাড়তি খরচ সামলাতে সাধারণ মানুষকে চাপের মধ্যে থাকতে হচ্ছে।




