পোস্টে ফারিয়া লেখেন, কয়েকজন অভিনেত্রী শুধু অভিনয়টাই করেন, এর বাইরে অপ্রয়োজনীয় এন্টারটেইনমেন্ট দেন না; তাই তাদের প্রতি দর্শকের আগ্রহ সম্ভবত একটু কম।
তালিকায় প্রথমেই জয়া আহসানের নাম উল্লেখ করেন তিনি। তার সৌন্দর্য, অভিনয় ও ব্যবহারের প্রশংসা করে ফারিয়া বলেন, অভিনয়ের বাইরে জয়ার পোষ্য, গাছ ও বাগানবাড়ি রয়েছে; তার ব্যাগ ও ঘড়ির সংগ্রহ জামদানির সংগ্রহের চেয়েও সুন্দর। এরপর সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসা করে তিনি জানান, অভিনয়ে আসার আগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা দুটি সিরিজের একটি ‘স্পর্শের বাইরে’, যার প্রধান চরিত্রে ছিলেন প্রীতি।
নিজের প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মৌসুমী হামিদকে বিশেষভাবে পছন্দ করেন ফারিয়া। তার ভাষায়, মৌসুমী অসম্ভব পরিশ্রমী, তার অভিনয়দক্ষতা বিধাতাপ্রদত্ত। মৌসুমীর অভিনয় দেখে তার মনে হয়, ‘ইস, আমি যদি ওর মতো অভিনয় করতে পারতাম!’ নাজিয়া হক অর্শা প্রসঙ্গে তিনি বলেন, অভিনয় শুধু সংলাপে নয়; অর্শার চোখের অভিব্যক্তি কথা বলে—সুবর্ণা আপার পর এই গুণ তিনি শুধু অর্শার মধ্যেই দেখেছেন।
এ ছাড়া বিন্দুর অভিনয়, সৌন্দর্য, ফিটনেস ও ফ্যাশন সচেতনতার প্রশংসা করেন ফারিয়া। ছোটবেলা থেকেই তিনি ইশিতার ভক্ত বলেও জানান। পাশাপাশি বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন জাহান, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির অভিনয়েরও প্রশংসা করেন তিনি।
ফারিয়া মনে করেন, দেশের বিনোদন অঙ্গনে ভালো অভিনয় করা, মার্জিত ব্যক্তিত্বের ও সুন্দরভাবে কথা বলা অনেক অভিনেত্রী রয়েছেন; অথচ তাদের কাজের বদলে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বেশি আলোচনা হয়। পোস্টের শেষে আক্ষেপ করে তিনি লেখেন, ‘শুধু জামার দাম লাখ টাকা, দুবাইয়ের অমুক-তমুক—এগুলো ছাড়া আমাদের দেশে সত্যিকারে ভালো অভিনয় করেন, সফিস্টিকেটেড, সুন্দর করে কথা বলেন, এমন অনেক অভিনেত্রী আছেন। কিন্তু আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে। সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না।’




