বুধবার (১১ নভেম্বর) পশ্চিমবঙ্গের নাগরিক বিয়াস বাসু এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন। পোস্টে তিনি জানান, ২০১৬ সালে আসাদ নূরের সঙ্গে তার বন্ধুত্ব হয়। ২০১৭ সালে তাদের দেখা হলেও বিশেষ ব্যক্তিগত কারণে কয়েক দিনের মধ্যেই সেই বন্ধুত্ব ভেঙে যায়। একই বছরের ২৫ ডিসেম্বর ব্লাসফেমি আইনে গ্রেপ্তার হয়ে বাংলাদেশে কারাগারে যান আসাদ। বিমানবন্দর থেকে তিনি বিয়াসকে ফোন করেন; পরে কারাগার থেকে হাতে লেখা চিঠিও পাঠান।
বিয়াস বলেন, মানবিক তাগিদ থেকেই তিনি বাংলাদেশে গিয়ে আসাদকে কারামুক্ত করার চেষ্টা করেন। মুক্তির কিছুদিন পর আবারও গ্রেপ্তার হলে তাকে ছাড়াতে ফের বাংলাদেশে যান। এভাবে বেশ কয়েকবার বাংলাদেশে গিয়ে আসাদের মুক্তির চেষ্টা করেন তিনি। একপর্যায়ে মুক্তি পেয়ে আসাদ কলকাতায় যান; তবে নিজের ভুল সিদ্ধান্তের কারণে সেখানেও কারাগারে যেতে হয় তাকে। দীর্ঘ এই সময়ে আসাদের সঙ্গে তার এক ধরনের আবেগের সম্পর্ক তৈরি হয়েছিল বলে মনে করেন বিয়াস। তার ভাষায়, ছয় বছরের বন্ধুত্বের মধ্যে দেড় থেকে দুই বছর আসাদ বাংলাদেশ ও ভারতের কারাগারে ছিলেন; বাকি সময়ের বড় একটি অংশ কেটেছে করোনাকালে।
নিজেদের সম্পর্কের ব্যাখ্যায় বিয়াস স্পষ্ট করেন, আসাদের সঙ্গে তার কখনো বিয়ে বা একসঙ্গে লিভ টুগেদারের সম্পর্ক ছিল না; তাদের মধ্যে যোগাযোগ ও ভালো বন্ধুত্ব ছিল। তবে আবেগের সম্পৃক্ততা এবং আসাদের ওপর নিজের নির্ভরশীলতা তৈরি হয়েছিল বলে স্বীকার করেন তিনি। ব্যক্তিগত বিষয়ে মতবিরোধের কারণে ২০২২ সালে তাদের মধ্যে সম্পূর্ণ বিচ্ছেদ ঘটে; এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে অতীত সম্পর্ক নিয়ে আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে বিয়াস বলেন, মানুষের জীবনে বন্ধুত্ব আসে, ভেঙে যায়; প্রেম ও সম্পর্কও তৈরি হয়, আবার শেষ হয়—এসব জীবনের স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই স্বাভাবিক বিষয়কে অস্বাভাবিকভাবে তুলে ধরে বছরের পর বছর আলোচনা করাকে তিনি অস্বাভাবিক মানসিকতা বলে মনে করেন। তিনি আরও বলেন, ২০২৬ সালে এসে ২০২০ সালে তার প্রাক্তন কে ছিলেন, কেন প্রাক্তন হয়েছেন—এসব নিয়ে অযথা আলোচনা ও নোংরামি বন্ধ করা উচিত; কার সঙ্গে কার সম্পর্ক ছিল বা আছে, তা নিয়ে পড়ে থাকাকে তিনি মধ্যযুগীয় মানসিকতা বলেও মন্তব্য করেন। ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করে বিব্রত না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, তিনি নিজের জীবনে ভালো আছেন এবং নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন। পোস্টের শেষে আসাদ নূরের জন্য শুভকামনা জানিয়ে বিয়াস লেখেন, তার জীবন সুন্দর হোক, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।



