স্ট্যাটাসে লুবাবা লিখেছেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, গণমাধ্যম, সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠান আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ করবেন না। আমি ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশ করতে আগ্রহী নই এবং দ্বীনের বিধান অনুযায়ী পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলতে চাই। তাই আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা বা সংবাদ প্রকাশ আমার সম্মতির পরিপন্থী।’
তিনি আরও লিখেছেন, ‘আমার অনুমতি ছাড়া এমন কিছু করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে রাষ্ট্রের প্রচলিত আইনের আশ্রয় নেওয়া হবে। আর যারা জেনেশুনে আমার অধিকার ও সম্মতি উপেক্ষা করবেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাঁদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে। আল্লাহই সর্বোত্তম বিচারক। আমার ব্যক্তিগত গোপনীয়তা ও দ্বীনি সিদ্ধান্তকে সম্মান করুন।’
কমেন্ট বক্সেও পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে লিখেছেন লুবাবা। সেখানে তিনি সহিহ মুসলিমের একটি হাদিস (২৬৯৯) উদ্ধৃত করে বলেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন।’ কারও ছবি বা ব্যক্তিগত বিষয় তার সম্মতি ছাড়া প্রচার না করার আহ্বান জানিয়ে তিনি সবার জন্য দোয়াও করেন।
উল্লেখ্য, শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে পা রাখেন তিনি। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর মডেলিংয়েও কাজ করেন। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি।



