বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর নগর ভবনের অডিটরিয়ামে ডিএসসিসি ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশে ডেঙ্গুর বর্তমান প্রবণতা: প্রতিরোধ ও জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী মশক নিয়ন্ত্রণ’ শীর্ষক এ সেমিনারে ডেঙ্গুর সাম্প্রতিক পরিস্থিতি, প্রতিরোধ এবং বিজ্ঞানভিত্তিক মশক নিয়ন্ত্রণ কৌশল নিয়ে আলোচনা হয়।
সেমিনারে আবদুস সালাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। গত মার্চ ও অক্টোবর মাসে পরিচালিত জরিপের তুলনামূলক চিত্রে দেখা গেছে, বিশেষ কার্যক্রমের ফলে আগে ঝুঁকিপূর্ণ কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো, জরিপে পরিদর্শন করা স্থানগুলোর প্রায় ৫০ শতাংশ এডিস মশার লার্ভা পাওয়া গেছে বসতবাড়ির আশপাশে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, লিফলেট বিতরণ ও মসজিদে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে সিটি করপোরেশন। তবে এসব উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের পানি জমার স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে; কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, সিটি করপোরেশন, সামাজিক সংগঠন ও নাগরিকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন ডিএসসিসি প্রশাসক। তিনি জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে জনসচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। এ ধরনের উদ্যোগে সিটি করপোরেশন সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ প্রয়োগ বা মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়; মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কারের আহ্বান জানান তারা। কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন বক্তারা।
সেমিনারে মশার জীবনচক্র ও মশক নিয়ন্ত্রণ বিষয়ে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. শফিউল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) জ্যেষ্ঠ কীটতত্ত্ববিদ মো. রেজাউল করিম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। সভাপতিত্ব করেন জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম। এ সময় ডিএসসিসির সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




