শনিবার (২১ নভেম্বর) কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া গেছে আবেগঘন সেই চিঠি।
শনিবার সকালে দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। এ সময় বিপুল পরিমাণ টাকা ও বিভিন্ন সামগ্রীর সঙ্গে পাওয়া যায় চিঠিটি।
চিঠিতে লেখক ইউরোপে যাওয়ার পথ সহজ ও নিরাপদ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। একই সঙ্গে বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসাসেবা নিশ্চিত করার আকুতিও জানিয়েছেন তিনি। কোনো বিদেশগামী যেন দালালদের প্রতারণার শিকার না হন, সেই প্রার্থনাও উঠে এসেছে চিঠিতে।
এতে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ব্যক্তিদের উপযুক্ত বিচার ও হেদায়েত কামনা করা হয়েছে। লেখকের মতো প্রতারণার শিকার হয়ে আর কোনো পরিবার যেন নিঃস্ব না হয়, সেই আকুতিও জানিয়েছেন তিনি।
শুধু তাই নয়, প্রতারণায় হারানো অর্থের শোক ও মানসিক কষ্ট কাটিয়ে ওঠার পাশাপাশি ধৈর্য, মানসিক প্রশান্তি এবং হালাল রিজিকের জন্যও দোয়া করেছেন চিঠির লেখক। চিঠির শেষে নিজের পরিচয় দিয়েছেন ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে।
উল্লেখ্য, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ নামাজ আদায়, দান ও মানত করতে আসেন। বিশেষ করে শুক্রবার মসজিদটিতে মুসল্লি ও দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে।
মনের নানা আশা, আকাঙ্ক্ষা ও দুঃখ-কষ্টের কথা জানিয়ে অনেকেই দানবাক্সে টাকা-পয়সার পাশাপাশি চিঠি জমা দেন। এসব চিঠিতে ফুটে ওঠে মানুষের ব্যক্তিগত জীবনের নানা আবেগ, স্বপ্ন, হতাশা ও না বলা গল্প। দালালের প্রতারণার শিকার এই বিদেশগামীর চিঠিও তেমনই এক অসহায়ত্ব ও বেদনার চিত্র তুলে ধরেছে।




