কচুক্ষেতের মুসলিম এন্টারপ্রাইজের কর্মী সজীব মিয়া জানান, গত ১০ দিনে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, আগে প্রতি কেজি এলাচ ৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৫ হাজার ২০০ টাকা।
লবঙ্গের দাম ১ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৭০০ টাকা। একইভাবে জিরা ৫৫০ টাকা থেকে বেড়ে ৬৫০ টাকা এবং কাজুবাদাম ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া পেস্তাবাদামের কেজি ৩ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৯০০ টাকা, কিশমিশ ৮২০ টাকা থেকে ৮৮০ টাকা এবং ইসবগুলের ভুসি ১ হাজার টাকা থেকে বেড়ে ১ হাজার ২০০ টাকা হয়েছে।
সজীব মিয়া বলেন, দাম বেশি হওয়ায় ক্রেতারা কেনাকাটার আগে একাধিক দোকানে খোঁজ নিচ্ছেন। কেউ দুই-তিনটি দোকানে দাম যাচাই করে আবার ফিরে আসছেন, আবার অনেকে কিছু না কিনেই চলে যাচ্ছেন।
অন্য এক ব্যবসায়ী জানান, কচুক্ষেতের পাইকারদের কাছ থেকে জিরা কিনতে এখন কেজিতে ১০০ টাকা বেশি দিতে হচ্ছে। গত সপ্তাহে যে জিরা তিনি ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন, বর্তমানে তা বিক্রি করছেন ৭০০ টাকায়। অন্যান্য মসলা ও শুকনা ফলের দামও বেড়েছে বলে জানান তিনি।
কারওয়ান বাজারের পাইকারি মসলার দোকান রাসেল বানিয়াতি স্টোরের স্বত্বাধিকারী সাইদুলও মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। তার দাবি, ভারতসহ আন্তর্জাতিক বাজারে মসলার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে।
সাইদুলের তথ্য অনুযায়ী, ভারত থেকে জিরা ও এলাচসহ বেশ কয়েক ধরনের মসলা আমদানি করা হয়। ঢাকার বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা তার দোকান থেকে পণ্য কিনে সাধারণত কেজিতে ১০ থেকে ২০ টাকা লাভ রেখে বিক্রি করেন।
অন্যদিকে, মিরপুরের পল্লবীর কালশী বাজারের খুচরা বিক্রেতা শাহীন শেখ জানান, গত সপ্তাহে কারওয়ান বাজার থেকে প্রতি কেজি জিরা ৫২০ টাকায় কিনলেও এবার তাঁকে কিনতে হয়েছে ৬২০ টাকায়। এ ছাড়া তিনি ২০ কেজি করে হলুদ ও মরিচ কিনেছেন। এ দুটি পণ্যের দামও কেজিতে ২০ টাকা করে বেড়েছে।
শাহীন শেখ বলেন, এভাবে দাম বাড়তে থাকলে ক্রেতাদের কাছে জবাব দেওয়া কঠিন হয়ে পড়ে। পণ্যের দাম বাড়লে স্বাভাবিকভাবেই চাহিদা কমে যায়, যার প্রভাব পড়ে বিক্রির ওপর।




