প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন আজহারি ● শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতেই নতুন মজুরি কাঠামো: শ্রমমন্ত্রী ● মুক্তিযুদ্ধের চেতনায় মাসব্যাপী বিজয় উৎসব করবে দক্ষিণ বিএনপি ● বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি জামায়াতের ● হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির ● ৮ বিভাগে মাহফিল করার ঘোষণা আজহারীর ● ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে সরকারকে ধন্যবাদ বিপ্লবী শ্রমিক ফ্রন্টের ● জিয়াউর রহমান দূরদর্শী চিন্তা থেকে পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন: তথ্য প্রতিমন্ত্রী ● প্রকল্পের কেনাকাটায় দাম বাড়ানো ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশ ● প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী ●

প্রকল্পের কেনাকাটায় দাম বাড়ানো ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিজ্ঞাপন
প্রকল্পের কেনাকাটায় দাম বাড়ানো ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বড় উন্নয়ন প্রকল্পের কেনাকাটায় অতিরিক্ত ব্যয় ও পণ্যের দাম বাড়িয়ে দেখানো ঠেকাতে মূল্য যাচাইকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দর যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য একনেকের আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষজ্ঞ ও মূল্য যাচাইকারী প্রতিষ্ঠানের পরামর্শ নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে আর্থিক অপচয় কমানো এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভা শেষে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

তিনি বলেন, দেশে প্রাতিষ্ঠানিকভাবে অতিরিক্ত ব্যয় ও পণ্যের দাম বাড়িয়ে দেখানোর যে চর্চা রয়েছে, তা বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে। অতীতে এ ধরনের অনিয়মের সমালোচনা করা হয়েছে। এখন তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বড় প্রকল্পের কেনাকাটার ক্ষেত্রে মূল্য যাচাইকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দাম যাচাই করতে বলেছেন প্রধানমন্ত্রী। একনেকের আগে পরিকল্পনা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের যুক্ত করবে এবং মূল্য যাচাইকারী প্রতিষ্ঠানের পরামর্শ নেবে। এতে প্রকল্পের কেনাকাটায় পণ্যের প্রকৃত দাম নির্ধারণ ও অতিরিক্ত ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্বাস্থ্য খাতের জনবল নিয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের স্বাস্থ্যসেবায় বর্তমানে কতজন চিকিৎসক, কারিগরি জনবল ও অন্যান্য কর্মী রয়েছেন, তার পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে বলেছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসেবার চাহিদা অনুযায়ী কতজন অতিরিক্ত জনবল প্রয়োজন, তা নির্ধারণের নির্দেশনা দিয়েছেন।

জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতে কী ধরনের প্রতিষ্ঠান প্রয়োজন, সেটিও চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিদ্যমান জনবল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সক্ষমতা পর্যালোচনা করে এ বিষয়ে পরিকল্পনা করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা দূর করতে পাঁচ বছর মেয়াদি সমন্বিত পরিকল্পনা তৈরি করছে সরকার। হাসপাতাল নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও কারিগরি জনবল তৈরি এবং চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য দেশের স্বাস্থ্য খাতে বর্তমানে কতজন চিকিৎসক ও টেকনিশিয়ান রয়েছেন, ভবিষ্যতে কতজন প্রয়োজন এবং সেই জনবল তৈরিতে কী ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণকেন্দ্র দরকার, তা নির্ধারণে সমীক্ষা করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে অবকাঠামো নির্মাণের সঙ্গে জনবল তৈরির সমন্বয় না থাকায় অতীতে অনেক ক্ষেত্রে হাসপাতাল নির্মিত হলেও প্রয়োজনীয় চিকিৎসক ও কারিগরি কর্মীর অভাবে সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। একটি মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল থাকা প্রয়োজন হলেও সেই হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল তৈরি করা হয়নি। অনেক ক্ষেত্রে যন্ত্রপাতি থাকলেও সেগুলো পরিচালনার লোক পাওয়া যায়নি। সরকার এ ধরনের অসংগতি দূর করার চেষ্টা করছে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ, আধুনিক স্বাস্থ্যসেবা এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহারে এসব পরিকল্পনা আরও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর পঞ্চবার্ষিক কৌশলপত্রেও প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবায় কী ধরনের কাজ করা হবে, তার একটি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে খাতভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কয়েক দফা বৈঠক হয়েছে জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা সাজাতে গিয়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন ঘাটতি চিহ্নিত করা হয়েছে। দেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বর্তমানে কতজন চিকিৎসক, টেকনিশিয়ানসহ বিভিন্ন পর্যায়ের কর্মী রয়েছেন, তার হিসাব করা হচ্ছে। ভবিষ্যতে প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কতজন জনবল প্রয়োজন, তা নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় জনবল কত বছরে তৈরি করা সম্ভব এবং এ জন্য কী ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, সেটিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এখন একের পর এক প্রকল্প অনুমোদন দেওয়া হলেও সেগুলো বিচ্ছিন্ন কোনো উদ্যোগ নয়। বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই প্রকল্পগুলো নেওয়া হচ্ছে। সব প্রকল্প একসঙ্গে উপস্থাপন করা সম্ভব নয় বলে পর্যায়ক্রমে একনেকে আসছে। তবে প্রতিটি প্রকল্পের পেছনে সামগ্রিক পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা খুব শিগগিরই জনসমক্ষে প্রকাশ করা হবে।

পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও জানান তিনি।

জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রত্যেকটি মন্ত্রণালয়ের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা এবং বিশেষ গুরুত্বপূর্ণ কর্মসূচির অগ্রগতি নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আলোচনা করা হবে। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হবে। কোন পরিকল্পনায় কতটা অগ্রগতি হয়েছে, কোথায় ঘাটতি রয়েছে এবং কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে আলোচনা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষও সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন এবং পরামর্শ দিতে পারবেন।

তিনি আরও বলেন, সবকিছু সরকার এককভাবে নির্ধারণ করতে চায় না। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা ও ঢাকা শহরের পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতের দীর্ঘমেয়াদি প্রয়োজন বিবেচনায় নিয়ে মন্ত্রণালয়গুলোতে কাজ চলছে। এসব খাতে কর্মসূচিভিত্তিক ও সমন্বিত পরিকল্পনা সাজিয়ে জনসমক্ষে উপস্থাপন করা হবে। এরপর বিশেষজ্ঞ, সাধারণ মানুষ ও গণমাধ্যমের সঙ্গে আলোচনা করে পরিকল্পনার অগ্রগতি এবং প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে মতামত নেওয়া হবে।

এদিকে বুধবারের একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।

অনুমোদিত প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। এ ছাড়া আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে।

যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল এবং আনুষঙ্গিক ভবন নির্মাণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে। অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

তবে বরিশালে একটি সেতু নির্মাণ এবং গণগ্রন্থাগারের বহুতল ভবন নির্মাণের দুটি প্রকল্প প্রস্তাব আরও পর্যালোচনার জন্য ফেরত দেওয়া হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকল্প দুটি আবার একনেকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতেই নতুন মজুরি কাঠামো: শ্রমমন্ত্রী

শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতেই নতুন মজুরি কাঠামো: শ্রমমন্ত্রী

৮ মিনিট আগে
ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে সরকারকে ধন্যবাদ বিপ্লবী শ্রমিক ফ্রন্টের

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে সরকারকে ধন্যবাদ বিপ্লবী শ্রমিক ফ্রন্টের

১৪ মিনিট আগে
জিয়াউর রহমান দূরদর্শী চিন্তা থেকে পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন: তথ্য প্রতিমন্ত্রী

জিয়াউর রহমান দূরদর্শী চিন্তা থেকে পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬ মিনিট আগে
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৩ ঘণ্টা আগে