শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে ট্রাম্প সমর্থকদের একটি শপথ পাঠ করান। এতে তারা নিজেরা এবং পরিবার ও বন্ধুদের নিয়ে আগামী ৩ নভেম্বর বা তার আগেই ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
শপথের সময় ট্রাম্প নিজেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করেন। ডেমোক্র্যাটরা নির্বাচনে কারচুপি করে অভিযোগ তুলে তিনি একই পদ্ধতিতে পাল্টা কাজ করার কথা রসিকতার ছলে বলেন। এরপর ভোট না দিলে সমর্থকদের ‘সোজা জাহান্নামে’ যাওয়ার মন্তব্য করেন।
ভাষণে নিজের সরকারের সাফল্যেরও প্রশংসা করেন ট্রাম্প। গত ১৯ মাসে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করেছেন দাবি করে তিনি শেয়ারবাজারের উত্থান, ওষুধের দাম কমানো, সামরিক ব্যয় বৃদ্ধি এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রায় শূন্যে নামিয়ে আনার কথা তুলে ধরেন। তার দাবি, যুক্তরাষ্ট্রকে একটি অন্ধকার অধ্যায় থেকে সমৃদ্ধির স্বর্ণযুগে নিয়ে যাওয়া হয়েছে।
মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিকভাবে ক্ষমতাসীন দল আসন হারালেও এবার সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার অঙ্গীকার করেন ট্রাম্প। ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে দেশের সম্পদ বাজেয়াপ্ত এবং অপরাধীদের মুক্তি দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ভোট দেওয়ার আহ্বান জানান। কোনো নীতিগত মতভেদের কারণে দেশকে কট্টরপন্থী বা আমলাদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভ্যান্সকে ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠার প্রক্রিয়াও এতে এগিয়ে নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।




