মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং এমসিসি মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো. জসিম উদ্দিন ও মসজিদ কমিটির সদস্য শাকিল আহমেদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন বিমাসের চেয়ারম্যান ড. মুক্তার হোসেন মার্ক, রোমের মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল্লাহ আল ফারুক, তরপিনাত্তারা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন এবং সাংবাদিক জমির হোসেন ও মিনহাজ হোসেন।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন জায়েদুল হক মুকুল, নাদিম মোহাম্মদ, মফিজুল রহমান মিলন, আসলাম মৃধা ও মোহাম্মদ শহীদসহ অনেকে।
বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের ইসলামী শিক্ষা, নৈতিকতা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পরিবার ও সমাজের পাশাপাশি মাদ্রাসাগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তারা মুসলিম কমিউনিটি সেন্টার মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং ইউরোপের বহুজাতিক পরিবেশে থেকেও শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
পরে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
অনুষ্ঠানে রোমের বিভিন্ন সামাজিক ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-উলামা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের ইসলামী শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।




