সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কোনো দলীয় দাবি নিয়ে নামিনি, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।”
তিনি বলেন, জনগণের ঘরে ঘরে গ্যাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেওয়া, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে এই লংমার্চ আয়োজন করা হয়েছে। এসব দাবির বিষয়ে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পথসভা থেকে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ।
সভায় নেতারা দাবি বাস্তবায়ন না হলে এক দফা আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। পরে লংমার্চটি রংপুরের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় পথসভায় অধ্যাপক মুজিবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপিসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।




