বাংলাদেশ সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতেই নিউইয়র্ক সফর করছেন। এর আগে চলতি মাসের শুরুতেও জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনার কথা জানিয়েছিলেন তিনি।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেবেন। এটিই জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণ।
নিউইয়র্কে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে মোটর শোভাযাত্রা করে তাকে নির্ধারিত হোটেলে নেওয়া হয়। সফরকালে সেখানেই তার অবস্থান করার কথা।


