সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, বরখাস্ত হওয়া সদস্যদের মধ্যে প্রিজন ভ্যানের চালকও রয়েছেন। উপকমিশনারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও কারা সূত্র জানায়, রোববার আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফেরানো হচ্ছিল। গাজীপুরের নাওজোর এলাকায় পৌঁছালে শৌচাগারে যাওয়ার কথা বলে গাড়ি থেকে নামেন তিনি। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের চোখ এড়িয়ে পালিয়ে যান।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গত ১৯ মে নেপাল থেকে ফেরার পর বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।
পলাতক পিচ্চি রাজাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল অভিযান চালাচ্ছে।



