সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন সরকারপ্রধান। এ ছাড়া তিনি জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য প্রদানসহ দেশটির শীর্ষ ব্যবসায়ী নেতা এবং জাইকা, জেট্রো ও জেবিআইসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র এবং টয়োটা ও ইউনিক্লোর কারখানা পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, চলমান উন্নয়ন প্রকল্প এবং গত ফেব্রুয়ারিতে সই হওয়া অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এ সফরে কৃষি, বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন খাতে সমঝোতা স্মারক সই হতে পারে। এর পাশাপাশি রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।


