লিখিত বক্তব্যে আলমগীর হোসেন বলেন, দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানে সাতশর বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি নয়বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের সম্মান অর্জন করেছে। তবু একটি স্বার্থান্বেষী মহল বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ভাঙিয়ে প্রতিষ্ঠানটি দখলে নিতে চায়।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আহ্বায়ক নাজিম উদ্দিন (নাজিম) স্বঘোষিত কমিটি গঠন করে দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালান। পরে তিনি হুমকি-ধমকি দিয়ে প্রধান শিক্ষকের কাছে টাকা দাবি করেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এসে নিজেকে প্রধান শিক্ষক দাবি করে চেয়ারে বসে পড়েন এবং প্রতিষ্ঠানের ক্যাশ কাউন্টার ও রেজিস্ট্রার খাতা নিয়ে যান।
তিনি আরও বলেন, বিদ্যালয়টি থেকে টাকা দাবির বিষয়ে মিরপুর মডেল থানায় মামলা করা হয়েছে। বিষয়টি থানা পুলিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছেও জানানো হয়েছে। আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠানটি যাতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে। শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তা এবং শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, শিক্ষক নুসরাত জাহান, আতিকা খাতুন, মো. মোস্তফা কামাল, জামিলা খাতুন, অভিভাবক ফারুক হোসেন, মামুনুর রশিদ, বিলকিস বেগমসহ অনেকে।




