তারেক রহমানের রাজনৈতিক জীবন সহজ ছিল না। দীর্ঘ সময় তাঁকে দেশের বাইরে থাকতে হয়েছে। রাজনৈতিক প্রতিকূলতা, নানা অভিযোগ, সমালোচনা এবং পারিবারিক শোক মোকাবিলা করতে হয়েছে। মা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস এবং অসুস্থতার সময়গুলোও তাঁর জীবনের কঠিন অধ্যায়। অন্যদিকে, তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। ফলে তারেক রহমানের পরিচয় কেবল একজন রাজনৈতিক নেতা হিসেবে সীমাবদ্ধ নয়। তিনি বাংলাদেশের এক ঐতিহাসিক রাজনৈতিক উত্তরাধিকারেরও বাহক।
কিন্তু উত্তরাধিকার পাওয়া আর সেটি ধরে রাখা এক বিষয় নয়। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দুজনই নিজেদের রাজনৈতিক অবস্থান, নেতৃত্ব ও জনপ্রিয়তার মাধ্যমে আলাদা জায়গা তৈরি করেছিলেন। তাঁদের প্রতি মানুষের ভালোবাসা ছিল ব্যাপক। সেটি শুধু বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দেশের নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যেও তাঁদের গ্রহণযোগ্যতা ছিল।
তারেক রহমানের সামনে এখন সেই উত্তরাধিকারকে নতুন বাস্তবতায় প্রতিষ্ঠার চ্যালেঞ্জ। তিনি শুধু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান হিসেবে পরিচিত থাকতে পারেন না। তাঁকে নিজ কাজের মাধ্যমে নিজের রাজনৈতিক পরিচয় তৈরি করতে হবে। তাঁর নেতৃত্বের সাফল্য নির্ধারিত হবে রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের জীবনমান উন্নয়ন এবং জাতীয় স্বার্থ রক্ষার মধ্য দিয়ে।
কঠিন সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব
জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক। দীর্ঘদিনের রাজনৈতিক ক্ষোভ, অধিকারহীনতা এবং কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন রাষ্ট্র ও রাজনীতিতে পরিবর্তনের পথ তৈরি করেছে। এর পর মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। মানুষ শুধু সরকার পরিবর্তন চায়নি। তারা রাষ্ট্রের চরিত্রে পরিবর্তন চেয়েছে। তারা চেয়েছে আইনের শাসন, জবাবদিহি, রাজনৈতিক অধিকার এবং একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা।
এই বাস্তবতায় তারেক রহমানের দায়িত্ব অনেক বড়। তাঁকে দেশ পরিচালনা করতে হবে। অর্থনীতি সচল রাখতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। একই সঙ্গে মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। গণতন্ত্র শুধু নির্বাচন আয়োজনের নাম নয়। গণতন্ত্রের অর্থ বিরোধী দলের অধিকার নিশ্চিত করা। সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। মতপ্রকাশের অধিকার অক্ষুণ্ন রাখা। সরকারকে সমালোচনার ঊর্ধ্বে মনে না করা।
তারেক রহমান সরকার যদি এসব ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাহলে সেটি শুধু বিএনপির সাফল্য হবে না। এটি হবে বাংলাদেশের সাফল্য।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন
বিএনপির রাজনীতির মূল শক্তি চারটি গুরুত্বপূর্ণ অবস্থানের মধ্যে নিহিত। প্রথমত, বাংলাদেশের স্বাধীন সত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপসহীনতা। দ্বিতীয়ত, বাংলাদেশি জাতীয়তাবাদ। তৃতীয়ত, বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি ও রাষ্ট্রনীতি পরিচালনা। চতুর্থত, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের প্রতি সম্মান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই রাজনৈতিক দর্শনের ভিত্তি তৈরি করেছিলেন। বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে সেটিকে এগিয়ে নিয়েছেন। বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে খালেদা জিয়ার অবস্থান ছিল স্পষ্ট। তিনি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কের বিরোধিতা করেননি। কিন্তু তার ভিত্তি হতে হবে সমতা, পারস্পরিক সম্মান ও বাংলাদেশের স্বার্থ।
বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়। কিন্তু বন্ধুত্বের নামে আধিপত্য মেনে নিতে চায় না। সীমান্ত হত্যা, বাণিজ্য বৈষম্য এবং অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যার মতো বিষয়গুলোতে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
তারেক রহমানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব। ভারতের সঙ্গে সম্পর্ক হবে বাস্তবতাভিত্তিক। সেখানে আবেগ নয়; জাতীয় স্বার্থই হবে প্রধান বিবেচনা। একই সঙ্গে কোনো দেশের সঙ্গে অপ্রয়োজনীয় বৈরিতা নয়। বন্ধুত্ব থাকবে, তবে মাথা নত করে নয়। এই অবস্থানই বিএনপির ঐতিহাসিক রাজনৈতিক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
জুলাই সনদ: জনরায়ের প্রতি সম্মান জরুরি
তারেক রহমান সরকারের সামনে এখন সবচেয়ে আলোচিত রাজনৈতিক প্রশ্নগুলোর একটি হলো জুলাই সনদ বাস্তবায়ন। এই সনদ ঘিরে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে। এর কোনো কোনো প্রস্তাব নিয়ে মতপার্থক্যও থাকতে পারে। কিন্তু একটি বিষয় উপেক্ষার সুযোগ নেই। গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’র পক্ষে মত দিয়েছেন বলে যে রায় এসেছে, তার রাজনৈতিক গুরুত্ব অনেক।
জনরায়কে সম্মান করা প্রয়োজন। কারণ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। মানুষ এমন এক ব্যবস্থা চেয়েছে, যেখানে ভবিষ্যতে কোনো সরকার স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে। ক্ষমতার অপব্যবহারের সুযোগ সীমিত হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে।
জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক ও আইনগত জটিলতা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে হবে। বিশেষজ্ঞ মতামত নিতে হবে। কিন্তু পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জনরায়কে রাজনৈতিক সুবিধা-অসুবিধার হিসাবে বিবেচনা করা ঠিক হবে না।
তারেক রহমান যদি এই প্রশ্নে দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে তাঁর নেতৃত্বের গ্রহণযোগ্যতা আরও বাড়বে। কারণ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েই মানুষ পরিবর্তনের প্রত্যাশা করেছিল।
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক সহিংসতা বন্ধের দায়িত্ব
জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের অন্যতম প্রত্যাশা ছিল ফ্যাসিস্ট শাসকের হত্যাকাণ্ড, গুম, মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সহিংসতার বিচার। যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা জরুরি। এখানে কোনো রাজনৈতিক বিবেচনা থাকা উচিত নয়।
শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গুরুতর অপরাধের বিচার নিশ্চিত করা নতুন সরকারের অন্যতম দায়িত্ব। তবে বিচার হতে হবে স্বচ্ছ, আইনসম্মত প্রক্রিয়ায়। অপরাধের দায় ব্যক্তির। কোনো দলের সব সমর্থককে অপরাধী হিসেবে বিবেচনা করা যাবে না।
একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে দেশের নানা জায়গায় সহিংসতা, হুমকি ও অস্থিতিশীলতা সৃষ্টির যেসব অভিযোগ সামনে আসছে, সেগুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কোনো রাজনৈতিক গোষ্ঠীকে আইন নিজ হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া যাবে না।
অতীতের অপরাধের বিচার ও ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতা– দুটিই জরুরি। একটি ছাড়া অন্যটি সম্ভব নয়।
জামায়াত ও এনসিপি প্রতিপক্ষ, শত্রু নয়
বাংলাদেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানে। তাদের সঙ্গে বিএনপির রাজনৈতিক মতপার্থক্য থাকবে। নির্বাচনে প্রতিযোগিতা হবে। সরকারের নীতি নিয়ে বিতর্ক হবে। এটি গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে শত্রু বিবেচনা করা উচিত নয়। কোনো দলকে দুর্বল করতে অন্য কোনো রাজনৈতিক শক্তিকে ব্যবহারের কৌশল শেষ পর্যন্ত সুফল দেয় না। বরং এতে রাজনৈতিক বিভাজন বাড়ে। পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়।
বিএনপি একটি বড় রাজনৈতিক দল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা রয়েছে দলটির। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে দলটির সমর্থন রয়েছে। তাই রাজনৈতিক প্রতিপক্ষের উত্থানকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। বরং নিজ কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি প্রতিযোগিতামূলক, সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সেটিই হবে বড় অর্জন।
সমালোচনা গ্রহণের মানসিকতা থাকতে হবে
প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানকে নিয়ে আলোচনা হবে। তাঁর সিদ্ধান্তের সমালোচনা হবে। তাঁর মন্ত্রিসভা, উপদেষ্টা, রাজনৈতিক সহকর্মী এবং আশপাশের মানুষদের কর্মকাণ্ডও মানুষ পর্যবেক্ষণ করবে। এটি খুব স্বাভাবিক। বিশেষ করে তাঁর আশপাশে কারা রয়েছেন, কারা তাঁকে পরামর্শ দিচ্ছেন, কারা সরকারের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব রাখছেন—এসব বিষয় মানুষের নজরে থাকবে। কারণ একজন নেতার সাফল্য অনেকাংশে নির্ভর করে তিনি কাদের নিয়ে কাজ করছেন, তার ওপর।
এখানে তারেক রহমানের জন্য একটি পরামর্শ থাকবে। তাঁকে যেন শুধু প্রশংসা শোনার পরিবেশে আটকে থাকতে না হয়। তাঁর চারপাশে এমন মানুষ থাকা দরকার, যারা ভুল হলে তা বলবেন। প্রয়োজনে বিরোধিতা করবেন। তাঁকে বাস্তব পরিস্থিতি জানাবেন।
সমালোচনাকে শত্রুতা মনে করা যাবে না। বরং দায়িত্বশীল সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে হবে। কারণ ক্ষমতায় থাকলে অনেক সময় বাস্তব পরিস্থিতির খবর নেতার কাছে পৌঁছায় না। তাঁকে ঘিরে একটি প্রশংসাকারী বলয় তৈরি হয়। সেটি ভাঙতে পারাই একজন দূরদর্শী নেতার বড় গুণ।
পাঁচ বছর স্থিতিশীল সরকার, তারপর জনগণের রায়
দেশের মানুষ এখন রাজনৈতিক স্থিতিশীলতা চায়। তারা চায়, সরকার তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করুক। নির্বাচিত সরকার কাজ করার সুযোগ পাক। প্রতিদিনের রাজনৈতিক সংঘাত, পাল্টাপাল্টি বক্তব্য এবং ক্ষমতার অনিশ্চয়তা থেকে দেশ বেরিয়ে আসুক।
তারেক রহমান সরকার যদি পাঁচ বছর দায়িত্ব পালন করতে পারে, তাহলে জনগণও তার কাজের মূল্যায়ন করার সুযোগ পাবে। এরপর নির্বাচন হবে। জনগণ যাকে ভোট দেবে, সেই দল ক্ষমতায় আসবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
বিএনপির জন্যও এটি এক বড় সুযোগ। পাঁচ বছর পর মানুষ যেন বলতে পারে, এই সরকার দেশকে এগিয়ে নিয়েছে। মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে। অর্থনীতিকে শক্তিশালী করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করেছে। দুর্নীতি ও দলীয়করণের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহনের অর্থ শুধু তাঁদের নাম ও স্মৃতি ধারণ করা নয়। তাঁদের দেশপ্রেম, জাতীয় স্বার্থের প্রশ্নে দৃঢ়তা এবং মানুষের প্রতি দায়বদ্ধতাকে নিজ কাজের মধ্যে প্রতিফলিত করা।
আজ তারেক রহমানের জন্মদিনে তাঁর প্রতি শুভকামনা। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করি। একই সঙ্গে প্রত্যাশা করি, তিনি এমন এক বাংলাদেশ গড়ে তুলবেন—যেখানে মানুষ নির্ভয়ে কথা বলতে পারবে। ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। ভিন্নমত প্রকাশ করতে পারবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা অক্ষুণ্ন থাকবে।
তারেক রহমানের সামনে ইতিহাস একটি সুযোগ এনে দিয়েছে। সেটি কাজে লাগাতে পারলে তিনি শুধু বিএনপির নেতা হিসেবে নয়, বাংলাদেশের একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবেও ইতিহাসে জায়গা করে নিতে পারবেন।
জন্মদিনে তাঁর কাছে দেশের মানুষের প্রত্যাশা এটাই—তিনি যেন উত্তরাধিকারকে শক্তিতে পরিণত করেন, ক্ষমতাকে দায়িত্ব হিসেবে দেখেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে নিজেকে নিয়োজিত রাখেন।
শুভ জন্মদিন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
লেখক: সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন




