গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর হিসাবের ভিত্তিতে রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এসব তারিখ চূড়ান্ত নয়। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
হিজরি বর্ষপঞ্জি চন্দ্রনির্ভর হওয়ায় প্রতিবছর গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ওই রাতেই শুরু হবে তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে মুসলমানরা প্রথম রোজা রাখবেন। তবে নির্ধারিত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে রমজান শুরুর তারিখ পরিবর্তিত হতে পারে।
সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ ঈদুল ফিতর উদ্যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, পবিত্র রমজান ইসলামী হিজরি বর্ষপঞ্জির নবম মাস। মুসলমানদের কাছে মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়।
রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।




