এর আগে সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়; সভায় মালিকপক্ষের প্রতিনিধি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেন। তবে সেই প্রস্তাবে কত টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। বোর্ডের তৃতীয় সভায় চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া দুই পক্ষের বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম উপস্থিত ছিলেন।
তবে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। এর আগে গত ১৬ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় তিনি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন। শ্রমিকপক্ষের যুক্তি ছিল, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন; তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল।


