ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রোববার (২৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৪৭ সালে সারা পৃথিবী থেকে ইহুদিদের এনে ফিলিস্তিনের ভূখণ্ডে বসিয়ে জাতিসংঘ মুসলমানদের বাস্তুচ্যুত করার পথ তৈরি করেছিল। পরবর্তীতে ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের একটি পবিত্র ভূখণ্ডকে ইসরাইল রাষ্ট্র নামে গঠন করে। অথচ বর্বর জাতি হিসেবে পরিচিত ইসরাইলকে জাতিসংঘের সদস্য করা হয়েছে, কিন্তু ফিলিস্তিনকে সদস্য না করে কেবল পর্যবেক্ষক হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক মদদে ফিলিস্তিনের স্বাধীনতা-সার্বভৌমত্ব অস্বীকার করে পুরো ফিলিস্তিন দখলের উদ্দেশ্যে একের পর এক গণহত্যা চালিয়ে আসছে। সংহতি দিবসে কেবল আলোচনা সভা নয়, মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো প্রয়োজন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ফিলিস্তিনের জনগণের পক্ষে অবস্থান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করায় এবং দখলদার ইসরাইলের গণহত্যায় নিহতদের জন্য শাহাদাত কামনায় দোয়া করায় জায়নবাদী গোষ্ঠী আমীরে জামায়াতের অস্ট্রেলিয়া সফরকে বিতর্কিত করার চেষ্টা করেছে। আগামীতেও বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফিলিস্তিনিদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।
প্রতিবেশী দেশের কিছু নেতার বাংলাদেশের ভূখণ্ড দখলের হুমকি দেওয়ার পরও সরকারের নীরবতায় জাতি উদ্বিগ্ন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদের চেয়ে প্রতিবেশী রাষ্ট্রের মন্ত্রীদের আওয়ামী লীগের প্রতি বেশি প্রেম দেখা যায়। তারা বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছে, অথচ আমাদের সরকার এখন পর্যন্ত তাদের হাইকমিশনারকে ডেকে জোরালো কোনো পদক্ষেপ নিতে পারেনি। তিনি সরকারের নতজানু পররাষ্ট্রনীতির পরিবর্তে বীরত্বের পররাষ্ট্রনীতি অনুসরণের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন সভ্যতার কথা বলছি, তখন ফিলিস্তিনের নারী-শিশু ও বেসামরিক মানুষ বেঁচে থাকার অধিকার আর নিরাপত্তা চাচ্ছে — এটি আমাদের জন্য চরম লজ্জা। তবে ফিলিস্তিনের জনগণ দেখিয়েছে কীভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়; তারা জীবন দিয়েছে, তবু কোনো পরাশক্তির কাছে মাথানত করেনি। তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল, আর বাংলাদেশে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ — রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দলটি কমপক্ষে তিনটি গণহত্যা চালিয়েছে: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণার ফরমায়েশি রায়ের দিন এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এখনো বাংলাদেশে নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও চালাচ্ছে, কিন্তু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আগুন-সন্ত্রাস নিয়ন্ত্রণে লাঠি হাতে রাস্তায় দাঁড়ানো কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়; আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া সরকারের দায়িত্ব। তবে সরকার রাজনৈতিক সহযোগিতা চাইলে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। এ জন্য সরকারকে গণভোটের রায় মেনে নিয়ে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিতে হবে এবং সবার আগে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ফিলিস্তিনের বিষয়টি কোনো একটি জাতি বা গোষ্ঠীর সুনির্দিষ্ট বিষয় নয়; এটি মানবতা ও মানবাধিকারের বিষয়। পৃথিবীর কোনো যুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর ইতিহাস নেই, কিন্তু ফিলিস্তিনের বেসামরিকদের হত্যা করা হচ্ছে। আন্তর্জাতিক দ্বিচারিতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামীর সমর্থন অব্যাহত থাকবে।




