রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে আসিফ হাসান নামে এক স্বজন ফেসবুক লাইভে এসে হাসপাতালের পিআইসিইউতে শিশুটির মৃত্যুর পরের পরিস্থিতি তুলে ধরেন। ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আসিফের দাবি, রাজধানীর বীর উত্তম সিআর দত্ত রোডের পদ্মা জেনারেল হাসপাতালে তাঁর ভাগ্নির ছেলেকে ১ সেপ্টেম্বর ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে শিশুটির রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার কথা জানিয়েছিলেন।
আসিফ অভিযোগ করেন, চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন ধরনের অসুস্থতার কথা জানানো হয়। রোববার শিশুটিকে পরদিন ছাড়পত্র দেওয়ার কথা বলা হলেও বিকেলে হঠাৎ লাইফ সাপোর্টের প্রয়োজনের কথা জানানো হয়। পরে শিশুটিকে দেখতে গিয়ে মৃত অবস্থায় পাওয়ার দাবি করেন তিনি।
তার ভাষ্য, ‘শত ডাকাডাকি করেও কোনো চিকিৎসক পাইনি।’ লাইভ করার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কয়েকজন এসে তাকে শাসানোর চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে এলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তার।
আসিফের দেওয়া তথ্য অনুযায়ী, ডা. আতিকুর রহমানের অধীনে শিশুটির চিকিৎসা চলছিল। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ওই চিকিৎসকের বিস্তারিত পরিচয় ও অভিযোগগুলোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।




