সাক্ষাৎকালে পর্যটনমন্ত্রী বলেন, বিমানকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে নিতে ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার বহর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। নতুন উড়োজাহাজ আসার আগপর্যন্ত অন্তর্বর্তীকালীন চাহিদা মেটাতে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এক্ষেত্রে উড়োজাহাজের ফ্লাইং আওয়ার ও রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ কারিগরি দিকগুলো যথাযথভাবে মূল্যায়ন করা হবে।
ক্রমবর্ধমান কার্গো চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী আরও জানান, বিমানের বর্তমান বহরের দুটি উড়োজাহাজকে সম্পূর্ণ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়ন হলে আন্তর্জাতিক বাজারে কার্গো পরিবহন সক্ষমতা বাড়ার পাশাপাশি বিমানের আয়ও বাড়বে। এ বিষয়ে হাইবারি গ্রুপের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দেন তিনি।


