বুধবার তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ দেওয়া বক্তব্যে তিনি এসব তথ্য জানান। পেজেশকিয়ান বলেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় আসালুয়েহের জ্বালানি স্থাপনায় হামলায় পাঁচ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে; অন্যদিকে রাজধানী তেহরানের কাছে জ্বালানি সংরক্ষণাগারে হামলায় ছড়িয়েছে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড।
গত ৭ মার্চ তেহরানের তেল সংরক্ষণাগার এবং ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহতে গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনায় হামলা চালায় ইসরাইল। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানে ওয়াশিংটন ও তেল আবিব ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটিয়েছে বলে অভিযোগ করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে যখন আন্তর্জাতিকভাবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন সামরিক হামলায় অবকাঠামো ধ্বংস, ব্যাপক অগ্নিকাণ্ড ও বায়ুমণ্ডলে দূষিত পদার্থ ছড়িয়ে পড়ার ঘটনা সেই প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক।
এ সময় গাজায় চালানো ইসরাইলের সামরিক অভিযানেরও নিন্দা জানান পেজেশকিয়ান। তিনি বলেন, অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র ধ্বংসের ফলে উপত্যকাটি মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে। এ ছাড়া ইরানের সংরক্ষিত বনাঞ্চল ও পরিবেশরক্ষীদের কার্যালয়ে হামলার কারণে প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়ছে বলে উল্লেখ করেন তিনি।
এসব ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে পেজেশকিয়ান বলেন, ইরান ও গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক সংস্থাগুলোর নথিভুক্ত করা উচিত। পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও গড়ে তুলতে হবে।




