রোববার (২৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও অবরোধকারীদের মহাসড়ক থেকে সরাতে কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। পরে ঘটনাস্থলে ওসি উপস্থিত হয়ে এসব কথা বলেন।
ওসি বলেন, ‘আপনারা কেউ বলতে পারবেন না যে, অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাড়িতে আমরা হামলা করেছি বা হয়রানি করেছি। যদি কেউ বলতে পারেন, তাহলে এটার উত্তর হবে। আমি এটা বলতে পারি, কারণ আমার এখানকার এমপি মহোদয় বলেছেন, তিনি আওয়ামী লীগের ভোটেই নির্বাচিত। এখানে মাত্র ১০-১৫ শতাংশ লোক অন্য ভোটার, বাকি সব আওয়ামী লীগের। আপনারাই তাকে ভোট দিয়েছেন। আর সেই নেতা এখন পর্যন্ত কখনো বলেননি যে, অমুককে ধরো, তমুককে করো — এগুলো তিনি এক বছরেও কখনো বলেননি। যেটা সত্য, সেটা সত্য।’
তিনি আরও বলেন, ‘যদি কারও মনে কোনো কষ্ট থেকে থাকে, এগুলো ভুলে গিয়ে রাষ্ট্রের এবং আপনাদের সম্পদ রক্ষা করার জন্য আপনারা দয়া করে শান্ত হবেন। রাস্তায় আর অবরোধ করার প্রয়োজন নেই। আপনারা সফল হয়েছেন। আপনাদের যেটা কথা ছিল, সেটা হয়ে গেছে।’
এ সময় আরেক পুলিশ সদস্য বলেন, ‘আপনাদের ওপরে কোনো হামলা করছি না। আপনারা কোনো ধ্বংসাত্মক কাজ করবেন না। রাষ্ট্রের জানমাল কিন্তু আপনাদেরই সম্পদ।’ তিনি অবরোধকারীদের অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়ার এবং আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি না করার অনুরোধ জানান।



