রোববার (২৯ নভেম্বর) সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘শেখ হাসিনার মতো জল্লাদের স্থান নেই বাংলাদেশে। ১৪০০ মানুষকে আপনি হত্যা করেছেন। দিল্লির তাবেদারির জন্য তারা আপনাকে মদদ দেয়।’
তিনি অভিযোগ করে বলেন, ‘হাসিনা আইনের রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় ছিল। দিল্লি থেকে টাকা পাঠাচ্ছে, সেই টাকা দিয়ে বাংলাদেশে বোমা বানাচ্ছে স্বৈরাচার।’ রিজভী বলেন, পদ্মা সেতুর ওপারের অরাজকতা শান্তিপূর্ণভাবে সামলানোর চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী; তবে এটাকে দুর্বলতা মনে করছেন শেখ হাসিনা। যারা বাংলাদেশকে দিল্লির ক্রীতদাস বানাতে চায়, তাদের সঙ্গে বিএনপির মিলবে না। আদালতের দণ্ড বাস্তবায়নের জন্য আইনগতভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার।
রিজভী বলেন, শেখ হাসিনা যখন জোর করে বিনাভোটে প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার র্যাব, পুলিশ, বিজিবি, সশস্ত্র যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন সংগঠন ছিল। এতকিছুর বিরুদ্ধে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা লড়াই করেছেন। এখন শরীয়তপুরের জাজিরা ও গোপালগঞ্জের কয়েকটি এলাকায় কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনা যাতে রক্তাক্ত পরিস্থিতির দিকে না যায়, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন; বিএনপির নেতাকর্মীরাও সংশ্লিষ্ট ব্যক্তিদের বোঝানোর চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়টিকে শেখ হাসিনা দুর্বলতা মনে করছেন। তিনি বাংলাদেশে ফিরে আসার কথা বলছেন। কিন্তু তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নেই। কীভাবে তিনি দেশে ফিরবেন? তার দেশে ফেরার আইনগত ভিত্তি কী? তিনি পালিয়ে গেছেন। আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য মানুষ হত্যার অভিযোগে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’ আবু সাঈদ হত্যার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন; তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। মুগ্ধ গুলিবিদ্ধ হওয়ার পর পানি চেয়েছিলেন; পানি চাওয়ার পরও পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। এছাড়া ওয়াসিম আকরাম, রেসিডেনসিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীসহ এক হাজার ৪০০ শিশু-কিশোর, তরুণ ও শিক্ষার্থী হত্যার অভিযোগ করেন তিনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘২০১৩ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। তার বিরুদ্ধে আদালতের দেওয়া দণ্ড কার্যকরের জন্য তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রয়োজন।’ শেখ হাসিনা সরকারের সময়ে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তুলে রিজভী বলেন, প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে; শেখ হাসিনার আত্মীয়স্বজন, মন্ত্রী ও নেতাকর্মীরা জনগণের অর্থ লুটপাট করে বিদেশে সম্পদ গড়েছেন।
যুবদলের নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের র্যাব-পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তারা শরীয়তপুরের কয়েকটি জায়গা বা গোপালগঞ্জে কিছু ঘটনা ঘটলেই পালিয়ে যাবেন না। তাদের রক্তে দেশপ্রেম রয়েছে। প্রয়োজনে তারা আত্মত্যাগ করবেন, তবু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পতাকা অক্ষুণ্ণ রাখবেন।’ সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাসহ অনেকে বক্তব্য দেন।




