রোববার (২৯ নভেম্বর) এ-সংক্রান্ত পরিপত্র জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতে এ ছুটির তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন তালিকায় ৫ মার্চ জুমাতুল বিদা, ২০ মে বুদ্ধপূর্ণিমা এবং ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি যুক্ত হয়েছে। এসব কারণে ২০২৬ সালের তুলনায় আগামী বছর ব্যাংকে ছুটি তিন দিন বাড়ছে।
ছুটির তালিকা অনুযায়ী, ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এছাড়া ২৪ জানুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা এবং ৭ মার্চ শবে কদর উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মে দিবস উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে।
ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত টানা ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে। একই দিনে, অর্থাৎ ২০ মে বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমাও পালিত হবে। এরপর ১৬ জুন আশুরা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
বছরের দ্বিতীয়ার্ধে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী এবং ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে। এছাড়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।




