সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত হয়নি। সরকারের সঙ্গে দূরত্ব থাকলেও জুলাইয়ের শহীদ, আহত ও দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের অনুষ্ঠানে আসা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগের কারণেই অনেকে আজ বিরোধী দলের নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন। অথচ তাঁদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের দেখা যায়নি। বিএনপি যেভাবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে, বিরোধী দলও তা ধারণ করলে অনুষ্ঠানে তাদের উপস্থিতি প্রত্যাশিত ছিল বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধী দল ও সরকারি দল—উভয়েই জনগণের ভোট ও সমর্থনে দায়িত্ব পেয়েছে। তাই সরকারি দল জনগণের স্বার্থ দেখে না কিংবা বিরোধী দল কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করে—এমন দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। সরকার জনগণের জীবনমান ও ভাগ্যের পরিবর্তনে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।



