বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৮তম ব্যাচের কর্মকর্তা আতাউর রহমান খান ১৯৯৯ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, আইএমইডি এবং পরিকল্পনা কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে নেতৃত্ব দেন। দেশে-বিদেশে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, বাণিজ্য উন্নয়ন ও নীতিনির্ধারণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন ও কেমিকৌশলে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে জাপান ও যুক্তরাজ্য থেকে উচ্চতর ডিগ্রি এবং এনডিসি কোর্স সম্পন্ন করেন।
যোগদান শেষে নবনিযুক্ত সচিব জানান, দেশের নৌপরিবহন খাতের উন্নয়ন, সমুদ্র ও নৌবন্দরের সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ নৌপথ ব্যবস্থাপনা এবং আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন।


