সম্প্রতি পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর মাহাদ আলী ফাইজান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি হানিয়া আমির, আসিম আজহার ও সাবা কামারসহ কয়েকজন তারকার সম্ভাব্য বিয়ে নিয়ে আলোচনা করেন।
ভিডিওতে মাহাদের উচ্ছ্বসিত উপস্থাপনা দেখে মন্তব্যের ঘরে হানিয়া লেখেন, ‘আস্তে বলো। অজ্ঞান হয়ে যাব।’ তার এই রসিক মন্তব্য মুহূর্তেই আলোচনায় আসে। তবে বিয়ের গুঞ্জন নিয়ে সরাসরি কোনো উত্তর না দেওয়ায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
একই ভিডিওতে সাবা কামারের ডিসেম্বরের বিয়ের খবর নিয়েও আলোচনা করেছিলেন মাহাদ। এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়ে সাবা প্রশ্ন তোলেন, কে এসব গুঞ্জন ছড়াচ্ছে। রসিকতা করে তিনি বলেন, কাজের ব্যস্ততায় ঠিকমতো ঘুমানোর সময়ই পান না, বিয়ের পরিকল্পনা করবেন কখন। বিয়ে হলে অন্তত তাকে যেন দাওয়াত দেওয়া হয়, কারণ নিজের বিয়ের কোনো আমন্ত্রণপত্রই তিনি পাননি।
সাবার মন্তব্যে গুঞ্জন উড়িয়ে দেওয়ার ইঙ্গিত মিললেও হানিয়ার প্রতিক্রিয়ায় রহস্য রয়ে গেছে। এখন পর্যন্ত হানিয়া আমির কিংবা আসিম আজহার কেউই বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি।




