বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ও নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকরা অংশ নেন। নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারের নীতিগত সহায়তা চান সম্পাদকরা। ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু সমস্যা ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন। ফোরামের লিখিত বক্তব্যে বলা হয়, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনতে একটি প্রজ্ঞাপন বা সরকারি আদেশ জারি করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা বাস্তবায়ন করতে পারবে; এতে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক দায় তৈরি হবে না। অন্তর্বর্তী সরকারের মিডিয়া কমিশনও এ বিষয়ে সুপারিশ করেছিল।
সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়; গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব নেই। তিনি বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে, শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান দেশের যতটা ক্ষতি করেনি, আওয়ামী লীগ ১৭ বছরে তার চেয়ে বেশি ক্ষতি করেছে।
বৈঠকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি এসব ইতিবাচক পরিবর্তন গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন, স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে; এ বিষয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা খোলামনে লিখবেন, তবে যা বাস্তব, তা-ই লিখবেন। সরকারের ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরবেন। এতে কোনো বাধা নেই।’ তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম ও প্রচার-প্রচারণা নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিদ্যমান আইন ও সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় রাখার কথা বলেন তিনি।
বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২৮৩টি; আরও কয়েকশ আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে নিবন্ধন ছাড়াই কয়েক হাজার ওয়েবসাইট নিজেদের অনলাইন নিউজ পোর্টাল হিসেবে পরিচালনা করছে। সম্পাদকরা নিবন্ধন ছাড়া নিউজ পোর্টাল পরিচালনা বন্ধ, বার্ষিক পাঁচ হাজার টাকা নবায়ন ফি পুনর্বিবেচনা এবং কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার দাবি জানান। তাদের মতে, নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের জন্য সরকারি বিজ্ঞাপনসহ কার্যকর উদ্যোগ নেওয়া হলে এ খাতে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ আরও সুসংহত হবে।



