প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সাবেক সরকারপ্রধান হিসেবে নিয়মিত প্রটোকলের পাশাপাশি তাঁর অবস্থানকালীন সময়ের জন্য এই অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়।
গত সোমবার বিকেলে ড. ইউনূস যুক্তরাষ্ট্রে পৌঁছালে জেএফকে বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার কয়েকজন নেতাকর্মী তাঁকে হেনস্তা করেন। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা ছড়িয়ে পড়লে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তর ও নিউ ইয়র্ক সিটি পুলিশকে অবহিত করে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত একদল ব্যক্তি এই হয়রানির পেছনে জড়িত ছিল।
নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক পিটার জানান, পূর্বতথ্য না থাকায় শুরুতে বিমানবন্দরে প্রটোকলের কিছুটা ঘাটতি হয়েছিল। তবে বিষয়টি জানার পরই প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি নিউ ইয়র্কের বাইরে অন্য একটি অঙ্গরাজ্যে কর্মসূচিতে রয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। এছাড়া বিমানবন্দরে হেনস্তার ঘটনায় স্থানীয় কূটনৈতিক পুলিশ ও পোর্ট অথরিটির কাছে লিখিত অভিযোগ জানিয়ে পদক্ষেপের অপেক্ষা করা হচ্ছে।


