প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন উল্লেখ করে মন্ত্রী বলেন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সমাজের সর্বস্তরে তাদের পাশে দাঁড়াতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রমকে টেকসই পর্যায়ে নিতে সরকার কাজ করছে। এ সময় তিনি প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বড় ভবন, বিপণিবিতান ও গণপরিবহনে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বিঘ্ন প্রবেশগম্যতা এবং চলাচলের জন্য র্যাম্প নিশ্চিত করার তাগিদ দেন। পাশাপাশি গণপরিবহনকর্মীসহ সাধারণ নাগরিকদের তাঁদের প্রতি সংবেদনশীল আচরণ এবং গণমাধ্যমকে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আহমদ কবীর এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডোর (BERDO) সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


