শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশজুড়ে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও চক্রান্তের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) এ সমাবেশের আয়োজন করে।
রিজভী বলেন, দেশ নানা সংকটের মধ্য দিয়ে গেলেও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখছে না। বরং নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
স্বৈরাচারী শাসনের পরিণতি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, অন্যায় ও অপশাসন করে কোনো শাসকই শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। জনগণ জেগে উঠলে ক্ষমতাসীনদের সরে যেতে হয় বলেও মন্তব্য করেন তিনি।
দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা এবং সব অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেটেবের সভাপতি প্রকৌশলী মো. ফখরুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজ উদ্দিন মিশুসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।




