অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB)-এর ঢাকা রিজিওনাল হাবের রিজিওনাল হাব ম্যানেজার (রেসিডেন্ট হেড) আলী এম. খান ও IsDB-এর অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুব। আরও উপস্থিত ছিলেন ইজিবি পিএলসির চেয়ারম্যান কে.এম আলী রেজা (অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ), বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, ইজিবি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. মনজুর কাদিরসহ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB) ও EGB PLC-এর নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। ইতোমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) ও IsDB-এর মধ্যে গত ৩ আগস্ট ২০২৬ তারিখে প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ৩০ জুন ২০২৮ তারিখের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির অনুমোদিত ব্যয় ১,৮৮৮.১০ কোটি টাকা।
সরকারের ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রকল্পটি চালু হলে ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১.১৮ গিগাওয়াট-ঘণ্টা (GWh) বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে। প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সোলার পিভি মডিউল, ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভি পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। প্রকল্পের পরামর্শক ও ইপিসি ঠিকাদার নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডরমেটরি ভবন নির্মাণকাজ চলমান।
প্রকল্পে এগ্রোভোল্টাইক ধারণা প্রয়োগের মাধ্যমে একই জমিতে সৌর বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষি ও পশুপালনের পরিকল্পনা রয়েছে। CSR কর্মসূচির আওতায় স্থানীয় প্রায় ১,০০০ বেকার যুবক ও নারীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার, মোবাইল ফোন মেরামত ও সেলাই প্রশিক্ষণসহ জীবিকায়ন সহায়তা, কম্পিউটার ল্যাব স্থাপন এবং নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনের পরিকল্পনা রয়েছে। সোনাগাজীকে বৃহত্তর সৌর বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পার্শ্ববর্তী এলাকায় ১৩০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ৩৮৬ একর ভূমি অধিগ্রহণ প্রকল্প ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একনেক অনুমোদন পেয়েছে। এ ছাড়া মুছাপুরে ১৫০ মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সোনাগাজী এলাকায় প্রায় ৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি বৃহৎ সোলার হাব গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে।
EGB PLC মনে করে, এ প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নয়; বরং পরিচ্ছন্ন জ্বালানি, পরিবেশ সুরক্ষা, স্থানীয় কর্মসংস্থান ও টেকসই আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




